এবার খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে দিল বিএসএফ
পুশ-ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবির পাহারায় রয়েছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন।
খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
সোমবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় বলে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুরুল আলম জানিয়েছেন।
তিনি বলেন, পুশ-ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছেন। তাদের ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেপ্তারের পর মাটিরাঙা সীমান্ত দিয়ে ঠেলে দেয় বিএসএফ।
পুশ-ইন হওয়া এই ১৯ জন নারী, পুরুষ ও শিশুর পরিচয় যাচাই বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয় সেক্ষেত্রে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন মাটিরাঙ্গার ইউএনও।
জেলা প্রশাসক মো. ইফতেখারুল ইসলাম খন্দকার বলেছেন, “পুশ-ইন হওয়া সবাই স্থানীয় একটি বিদ্যালয়ে বিজিবির পাহারায় রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে। বাংলাদেশি হলে তাদের নিজ নিজ জেলায় পাঠিয়ে দেওয়া হবে।”
এর আগে চলতি মাসে কয়েক দফায় খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত দিয়ে ৭১ জনকে পুশ-ইন করা হয়েছে।
