২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দিনাজপুরে ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার

“বাড়ির লোকজন এসে প্রথমে অজ্ঞান হয়ে পড়ে আছে মনে করে ভাবিকে তুলতে গেলে মেঝেতে রক্ত ও গলা কাটা দেখতে পায়।”

দিনাজপুরে ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
দিনাজপুরের বীরগঞ্জ থানা।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2025, 06:40 PM

Updated : 26 Aug 2026, 12:23 PM

দিনাজপুরের বীরগঞ্জে বাড়ির শয়ন কক্ষ থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দুপুরে বীরগঞ্জ পৌর শহরের ফাজিল মাদ্রাসা পাড়া থেকে মরদেহটি  উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর। 

নিহত দিলারা বেগম (৫৫) ওই গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী।

নিহতের দেবর সেলিম বলেন, প্রায় তিন বছর আগে তার বড় ভাই আবুল হোসেন হৃদ্রোগে মারা যান। তারপর ভাবী দিলারা বেগম একাই বাড়িতে বসবাস করতেন।

“শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় তাদের পালিত মেয়ে আবিদা ইফনিত আভা (২০) বাড়িতে এসে ভাবিকে মেঝেতে পড়ে থাকতে দেখে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে প্রথমে অজ্ঞান হয়ে পড়ে আছে মনে করে ভাবিকে তুলতে গেলে মেঝেতে রক্ত ও গলা কাটা দেখতে পায়।”

তাৎক্ষণিক বিষয়টি পুলিশকে জানানো হয়। 

সেলিম আরও জানান, ঘরের একটি আলমারির হ্যান্ডেল ভাঙা এবং দিলারা বেগমের ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি। 

ওসি আব্দুল গফুর বলেন, “ঘটনাস্থলে পুলিশের তদন্ত দল কাজ শুরু করেছে। মৃতের গলার দুই জায়গায় কাটা চিহ্ন রয়েছে। 

“হত্যাকাণ্ডটি আমাদের কাছে রহস্যজনক মনে হয়েছে। আইনগত প্রক্রিয়াসহ প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে”, বলেন ওসি।