Published : 28 Jul 2025, 12:23 PM
ভোটের আনুপাতে হতে হবে সংসদরের উচ্চ কক্ষ। এ বিষয়ে ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি-না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নাহিদ বলেছেন, “উচ্চ কক্ষ ভোটের আনুপাতে হতে হবে। পিআর অনুসারে হতে হবে। এটা আসন অনুসারে হওয়া যাবে না। উচ্চ কক্ষ ক্ষমতার ভারসাম্য ও জবাব দিহিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
“সে বিষয়ে এখনও ঐক্যমত্য আসেনি। ঐকমত্যে না আসলে জুলাই সনদ স্বাক্ষরিত হবে কি-না তা নিয়ে আমাদের সন্দেহ আছে।”
তিনি বলেন, “জুলাই সনদ ঘোষণা পত্রের খসড়া সরকারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলের কাছে চাওয়া হয়েছে। ঘোষণা পত্রের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। মৌলিক সংস্কারের রূপরেখা সনদের মধ্যে থাকতে হবে।”
জামালপুর শহরের তমালতলা এলাকা থেকে বের হবে এনসিপির পদযাত্রা। ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রা শেষে সেখানে পথসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এরপর রওনা হবেন ময়মনসিংহের উদ্দেশে।