১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সাংবাদিকতার প্রশিক্ষণ শেষে সনদ পেল খাগড়াছড়ির শিশুরা

কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, তথ্য সংগ্রহ ও উপস্থাপনা ও ভিডিও প্রতিবেদন তৈরি সর্ম্পকে ধারণা দেওয়া হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 01:27 AM

Updated : 26 Aug 2026, 02:47 PM

পার্বত্য জেলা খাগড়াছড়িতে সাংবাদিকতা বিষয়ক দুই দিনের কর্মশালা শেষে সনদপত্র পেল ২০ শিশু।

রোববার বিকালে জেলা শহরের বাজার ফান্ড প্রশাসকের কার্যালয়ে কর্মশালার সমাপনী দিনে সনদপত্র বিতরণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো.আবদুল্লাহ আল মাহফুজ। 

তিনি বলেন,"প্রশিক্ষণ আমাদের মনের জানালা খুলে দেয়। নতুন করে নানা বিষয়ে ভাবনার খোরাক জোগায়। হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে দুই দিনের প্রশিক্ষণে সাংবাদিকতা বিষয়ে অনেক কিছু জানার সুযোগ হয়েছে।”

দুই দিনের কর্মশালায় সাংবাদিকতার মৌলিক ধারণা, তথ্য সংগ্রহ ও উপস্থাপনা ও ভিডিও প্রতিবেদন তৈরি সর্ম্পকে ধারণা দেওয়া হয়। 

খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন,"এখন সাংবাদিকতার ক্ষেত্রে অনেক প্রযুক্তিগত সুবিধা পাওয়া যায়। আমাদের চোখের সামনে অনেক অসঙ্গতি দেখা যায়। সেগুলো তুলে ধরার একটা সুযোগ তৈরি হয়েছে। হ্যালো বিডিনিউজ ওয়েবসাইটে শিশুদের তৈরি করা নিউজ প্রকাশ ও প্রচারের সুযোগ থাকবে। তোমরা সেই সুযোগ গ্রহণ করবে।”

কর্মশালা আয়োজন করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। 

কর্মশালা পরিচালনা করবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের সহ সম্পাদক তনুশ্রী বিশ্বাস। 

সমাপনী অনুষ্ঠান সঞ্চালনা করেন হ্যালো’র জেলা তত্ত্বাবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধি সমির মল্লিক ।

কর্মশালায় অংশ নেন খাগড়াছড়ির নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল, খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ,মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও মাটিরাঙা বালিকা উচ্চ বিদ্যালয়ের  ১২ থেকে ১৬  বয়সী ২০ শিক্ষার্থী।