১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জয়পুরহাটে পিকআপ ভ্যান চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দাওয়াত খেতে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2026, 04:08 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

জয়পুরহাটের ক্ষেতলালে একটি পিকআপ ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

সোমবার বেলা সাড়ে ১১টায় নিশ্চিন্তা-চানপাড়া সড়কের খড়িকাটা খারিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল ইসলাম জানিয়েছেন।

নিহতরা হলেন- কালাই উপজেলার সড়াইল খন্দকার পাড়া গ্রামের তাজুল ইসলাম খন্দকারের ছেলে ইমন খন্দকার (২৯) ও হারুঞ্জ গ্রামের শামছুলের ছেলে ফেরদৌস হোসেন (১৩)।

আহত সুরাইয়া (১৯) ইমন খন্দকারের স্ত্রী। তিনি কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ওসি মুক্তারুল বলেন, “ইমন তার স্ত্রী সুরাইয়া ও শ্যালক ফেরদৌসকে নিয়ে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পাঁচবিবি খালার বাসায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। 

“রাস্তায় খড় থাকায় মোটরসাইকেল পিছলে পড়ে যায় এসময় চান পাাড়া থেকে ছেড়ে আসা একটি পিক-আপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ইমন খন্দকার মারা যান।”

স্থানীয়রা ফেরদৌস হোসেনকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।