১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টেকনাফে ৫ জেলেকে ‘অপহরণ’ আরাকান আর্মির

“প্রতিদিনের মতো আমার ছেলে অন্য জেলেদের সঙ্গে নাফ নদীতে শিকারে যায়। এ সময় আরকান আর্মির লোকজন তাদের ধাওয়া করে।”

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2024, 10:12 PM

Updated : 26 Aug 2026, 10:37 AM

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপের অদূরে মাছ শিকারে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে মিয়ানমারের আরকান আর্মি ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার দুপুরে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয় বলে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম জানিয়েছেন।  

ওই জেলেরা হলেন- শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে রাসেল হোছেন (২৩) ও সাইফুল ইসলাম (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯) ও চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

ইউপি সদস্য আবদুস সালাম বলেন, “সোমবার জেলেদের ধরে নিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয়েছে মঙ্গলবার দুপুরে। জেলেদের পরিবারেরর সদস্যরা জানিয়েছে, একটি নৌকায় করে নাফ নদীতে মাছ ধরতে নামলে তাদের অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা মিয়ানমারের দিকে নিয়ে গেছে। ঘটনাটি বিজিবিকে জানানো হয়েছে।”  

জেলে মো. আলমের মা হামিদা খাতুন বলেন, “প্রতিদিনের মতো আমার ছেলে অন্য জেলেদের সঙ্গে নাফ নদীতে শিকারে যায়। এ সময় আরকান আর্মির লোকজন তাদের ধাওয়া করে।

“এ সময় অন্য জেলেরা পালিয়ে আসতে পারলেও আমার ছেলেসহ পাচঁজন জেলেকে ধরে নিয়ে আরকান আর্মির লোকজন। এখন পর্যন্ত আমার ছেলের কোন খোঁজ খবর পায়নি।”

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, “জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের ফেরত আনতে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে কথা চলছে।”

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, “মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জের ধরে মিয়ানমারের ওই অংশটি আরাকান আর্মির দখলে রয়েছে। ফলে আরাকান আর্মির সদস্যরাই এদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। জেলেদের ফেরত আনতে তাদের সঙ্গে আলোচনা চলছে।”