Published : 10 Jun 2026, 01:51 AM
বাগেরহাটের ফকিরহাটে ধারালো অস্ত্রের আঘাতে ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাদল মোড়ল খুন হয়েছেন। এসময় আহত হয়েছেন এক বিএনপি নেতা।
মঙ্গলবার রাতে উপজেলার নিয়তির মোড় এলাকায় এ ঘটনার তথ্য দিয়েছেন ফকিরহাট থানার ওসি শেখ সাইফুল ইসলাম।
নিহত বাদল মোড়ল বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি ছিলেন।
আহত আব্দুল্লাহ মোড়ল বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভপতি।
কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে পুলিশ এখনও জানতে পারেনি।
প্রত্যক্ষদর্শী ও আহতের বরাতে ওসি সাইফুল সাংবাদিকদের বলেন, মঙ্গলবার রাতে স্থানীয় কৃষক দল নেতা বাদল ও বিএনপি নেতা আব্দুল্লাহ মোটরসাইকেলে করে বাগেরহাট সদর থেকে ফকিরহাটে যাচ্ছিলেন। এসময় পথে আগে থেকে ওৎ পেতে থাকা একদল ব্যক্তি তাদের পথ রোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বাদল মোড়লকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল্লাহ মোড়লকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা বলেন ওসি।
তিনি জানান, পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত বাদলের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে পাঠানো হবে।