Published : 24 May 2026, 04:10 PM
ঝিনাইদহ সদর উপজেলায় `যৌতুকের দাবিতে’ এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
শনিবার মাঝরাতে উপজেলার গোয়ালপাড়া গ্রামে নারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়, পরে রোববার সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. আসাদুজ্জামান।
নিহত সাগরিকা আক্তার বুলবুলি উপজেলার করিমপুর গ্রামের এন্তাজ আলী বিশ্বাসের মেয়ে। তার স্বামী শিমুল মিয়া গোয়ালপাড়া গ্রামের রহিম মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শিমুল মিয়ার সঙ্গে তার স্ত্রী সাগরিকা আক্তার বুলবুলির বেশ কয়েকদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জের ধরে শনিবার রাতে বুলবুলিকে কুপিয়ে গুরুতর জখম করে শিমুল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বুলবুলিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুলি।
নিহতের বাবা এন্তাজ আলী বিশ্বাসের অভিযোগ, কয়েকদিন ধরেই তার মেয়েকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল শিমুল। সেজন্য বুলবুলিকে মানসিক ও শারিরীক অত্যাচার করছিল শিমুল।
তিনি আরও বলেন, এর আগে মারধর করার কারণে বুলবুলি তার (বাবার) বাড়িতে চলে আসেন কিন্তু তিনদিন আগে শিমুল তাকে নিয়ে যায়।
ওসি মো. আসাদুজ্জামান বলেন, ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী শিমুল। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।