খাগড়াছড়িতে ‘ঋণগ্রস্ত’ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ব্যাংকে প্রায় ৪৩ লক্ষ টাকার মতো সিসি লোন ছিল টোটেন দের।
খাগড়াছড়ি সদর উপজেলায় এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঋণের কারণে হতাশা থেকে তিনি ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা পুলিশের।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চেঙ্গি স্কয়ার এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার এএসআই সেন্টু চন্দ্র দাশ।
৪০ বছর বয়সী টোটন দে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার টিলা পাড়া এলাকার নির্মল দের ছেলে। চেঙ্গি স্কয়ার এলাকায় তার মোটর পার্টসের ব্যবসা আছে। এ সুবাধে স্ত্রী বৃষ্টি চৌধুরী ও দুই সন্তান নিয়ে তিনি চেঙ্গি স্কয়ার এলাকায় থাকতেন।
এএসআই সেন্টু চন্দ্র বলেন, মঙ্গলবার রাতে স্ত্রী ও দুই সন্তান বাড়িতে ছিল না। টোটেন দে বাসায় একা ছিলেন। বুধবার সকালে স্ত্রী বাড়ি ফিরে ডাকাডাকি করেও তার সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ডুকলে টোটন দের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
পরিবারের বরাতে সেন্টু চন্দ্র দাশ আরও বলেন, টোটেন দে ঋণগ্রস্ত ছিলেন। ব্যাংকে প্রায় ৪৩ লক্ষ টাকার মতো সিসি লোন ছিল তার। এনিয়ে হতাশা থেকে ‘আত্মহত্যার’ ঘটনা হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
