Published : 17 Jan 2026, 04:21 PM
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত চর এলাকার একটি বাড়িতে তল্লাশি করে বাজার করা ব্যাগে তিন কোটি টাকার হেরোইন পেয়েছে র্যাব। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার রাতে উপজেলার চরবাগডাঙ্গা ইউপির মালডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-৫ এর সহকারী পরিচালক পুলিশ সুপার ফাহাদ উজ্জামান।
গ্রেপ্তার এবরান আলী (৫৫) ওই গ্রামের মাহতাব উদ্দীনের ছেলে।
শনিবার সকালে র্যাব-৫ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, এবরান আলীর বাড়িতে মাদকদ্রব্য রাখার গোপন খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় তার বসতঘর তল্লাশি করে কাপড়ের বাজার করা ব্যাগের ভেতর আলাদাভাবে ৩০টি প্যাকেট পাওয়া যায়। তাৎক্ষণিক পরীক্ষায় সেগুলো হেরোইন বলে প্রমাণিত হয়।
জব্দ করা হেরোইনের ওজন তিন কেজি ১০ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ১০ লাখ টাকা বলে জানায় র্যাব।
পরে এবরান আলীর বিরুদ্ধে মামলা দিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।