Published : 14 Sep 2026, 02:04 PM
গাজীপুরের টঙ্গীতে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করে তাকে মাদক কারবারিরা ছিনিয়ে নিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় আসামি ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম জানিয়েছেন।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার কনস্টেবল মাসুদ আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদে একদল পুলিশ টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেপ্তার করে। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন।
একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নেয়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।
ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ, তবে গ্রেপ্তার যায়নি।
ওসি মাকছুদুল আলম বলেন, “পাঁচ মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে রেললাইন থেকে পাথর কুঁড়িয়ে বৃষ্টির মতো ছুড়তে থাকে।”
তার ভাষ্য, “এতে কনস্টেবল মাসুদ আহত হন এবং সেই সুযোগে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা।”
তিনি বলেন, “আমরা আসামি ও পুলিশের ওপর আক্রমণকারীদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।”