১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মিটফোর্ডে যা হয়েছে, এটা বিএনপি পছন্দ করে না: দুলু

“বিএনপি একটা মহাসাগর। ৫ অগাস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে।”

মিটফোর্ডে যা হয়েছে, এটা বিএনপি পছন্দ করে না: দুলু
নাটোরে শ্রমিক সমাবেশে বক্তব্য দেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2025, 05:14 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

কোনো মাস্তান, খুনি, চাঁদাবাজ-সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

এ সময় রাজধানীর মিটফোর্ডে নৃশংসভাবে ব্যবসায়ী লাল চাঁদকে হত্যার প্রসঙ্গে তিনি বলেন, “পুরান ঢাকার ভাঙ্গারি ব্যবসায়ীকে কেন্দ্র করে যে ঘটনাই ঘটেছে, এসব বিএনপি পছন্দ করে না। এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। 

“খুনিদের প্রশ্রয় বিএনপিতে হবে না, হবে না, হবে না। বিএনপি একটা মহাসাগর। ৫ অগাস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। কিন্ত অন্যায়কারীর প্রশ্রয় নাই।”

শনিবার দুপুরে নাটোরের আলাইপুরে এক শ্রমিক সমাবেশে দুলু এসব কথা বলেন।

নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক-ট্রাংক লরি-কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়ন, জাতীয়তাবাদী শ্রমিক দল ‘রক্তাক্ত জুলাই-অগাস্ট ২০২৪ গণঅভ্যুথ্যান ও শহীদদের স্মরণে’ এই সমাবেশের আয়োজন করে। 

তিনি বলেন, “বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য আওয়ামী লীগ যা যা দরকার করছে। এখন আবার বিএনপির বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে।”

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, “এখন আবার পিআর (সংখ্যানুপাতিক পদ্ধতি) নামে নতুন পাঁয়তারা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষ পিআর বোঝে না, ফেয়ার বোঝে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল, ট্রাক-ট্যাংক লরি ও কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল।