১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তারদের মধ্যে একজনের বিরুদ্ধে হত্যাসহ ১১টি এবং অন্যজনের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 07:15 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে এক নলা বন্দুক, ওয়ান শ্যুটার গান ও গোলাবারুদসহ বিভিন্ন দেশি উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় গ্রেপ্তার করা হয় দুইজনকে।

বৃহস্পতিবার বিকালে রায়পুরা থানার সামনে রায়পুরা সেনা ক্যাম্পের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বকর সিদ্দীক।

এ সময় নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার সকাল ১০টা থেকে চরাঞ্চলের বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে ইকবাল আকরাম (৩৫), একই এলাকার প্রয়াত তোতা মিয়ার ছেলে মো. জালাল উদ্দিন (৬৫)।

ইকবালের বিরুদ্ধে তিনটি হত্যা, অস্ত্র আইনে একটিসহ মোট ১১টি এবং জালালের বিরুদ্ধে দুটি হত্যাসহ মোট চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রায়পুরা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দীক বলেন, গোপন খবর পেয়ে শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের নওয়াব পাড়া এলাকায় অভিযান চালিয়ে সায়েদাবাদ গ্রামের ইকবাল আকরাম এবং জালাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে দুটি এক নলা বন্দুক, দেশে তৈরি একটি ওয়ান শ্যুটার গান, একটি রামদা, দুটি ডেগার, চারটি ছুরি, দুটি চাপাতি, আটটি কার্তুজ, চায়না রাইফেলের পাঁচটি গুলি, তিনটি বল্লম, ২২টি পটকা, একটি বুলেট প্রুফ জ্যাকেট, দুটি বন্দুকের কভার, ১৫টি বাটন মোবাইল, পাঁচটি স্মার্ট মোবাইল ফোন, একটি আইফোন, একটি ডেগার এবং কাগজপত্রসহ একটি মানিব্যাগ জব্দ করা হয়।

এ ছাড়া বাঁশগাড়ী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের আজগর আলী অজুর বাড়ির লাকী বেগমের ঘরে অভিযান চালিয়ে দেশে তৈরি একটি ওয়ান সুটার গান এবং শর্টগানের দুটি গুলি উদ্ধার করা হয়।

অভিযানে লেফটেন্যান্ট কর্নেল আবু বকর সিদ্দীক ছাড়াও সেনাবাহিনীর একটি দলসহ রায়পুরা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে জেলা পুলিশের একটি দল এবং রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা নেতৃত্ব দেন।