বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার
পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আহত হন তিনি।
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাহারতা গ্রামে এ ঘটনা ঘটে বলে সখীপুর থানার এসআই সাইদুর রহমান জানান।
৩৮ বছর বয়সী রায়হান শিপন উপজেলার নলুয়া পাহাড় কাঞ্চনপুর এলাকার মোহাম্মদ নূরু মিয়ার ছেলে। তিনি এবি ব্যাংকের সখীপুর উপ-শাখার সহকারী ম্যানেজার ছিলেন।
স্থানীয়দের বরাতে এসআই বলেন, “রায়হান তার বোনের বাড়ি কাহারতা গ্রামে বেড়াতে যান। সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আহত হন তিনি।
“এ সময় বাড়ির লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
সখীপুর থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
