ভোলায় সাপের খেলা দেখাতে গিয়ে কামড়ে প্রাণ গেল যুবকের
নিজের ভুল ধারণা, কবিরাজের চিকিৎসা-পরামর্শ গ্রহণ করে দেরিতে হাসপাতালে আসায় অ্যান্টিভেনম দিয়েও তাকে বাঁচানো যায়নি।
ভোলার মনপুরায় খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে মারা গেছেন এক যুবক। নিজের ভুল ধারণা, কবিরাজের চিকিৎসা-পরামর্শ গ্রহণ করে দেরিতে হাসপাতালে আসায় অ্যান্টিভেনম দিয়েও তাকে বাঁচানো যায়নি।
শনিবার ভোরে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার আশিকুর রহমান অনিক।
নিহত মো. শাকিল (২৬) উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা খোকন মাঝির ছেলে। তিনি পেশায় জেলে হলেও কয়েক বছর যাবত বিভিন্ন সাপ পালন করেন ও খেলা দেখাতেন।
শাকিলের পরিবারের সদস্যরা জানান, দিন পনেরো আগে স্থানীয় একটি বাড়ি থেকে বিষধর সাপটিকে উদ্ধার করে লালন-পালন করছিলেন শাকিল। পরে শনিবার বিকালে সাপটি নিয়ে সাকুচিয়া গ্রামের বেড়িবাঁধের উপর খেলা দেখাতে যায় সে।
এ সময় সাপটি তার পায়ের উরুতে ছোবল দেয়। তখন শাকিল ক্ষতস্থানে চুষে বিষ বের করার চেষ্টা করে সাপটিকে নিয়ে বাসায় ফেরেন। কিন্তু কিছুটা অসুস্থ বোধ করায় পরিবারের সদস্যরা তার পায়ে রশি বেঁধে দেন।
এ সময় স্থানীয় এক কবিরাজের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করে পায়ের বাঁধনটি খুলে দেওয়া হয়। এতে মুহূর্তের মধ্যেই শাকিলের শরীরে বিষ ছড়িয়ে পড়ে ও জ্বালাপোড়া শুরু হয়।
তিনি ছটফট করতে থাকলে স্থানীয়দের সহযোগিতায় তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে ভোর রাত ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশিকুর রহমান অনিক বলেন, “সাপের বিষ শরীরজুড়ে ছড়িয়ে পড়েছিল। দ্রুত এন্টিভেনম দেওয়ার পরও আমরা তাঁকে বাঁচাতে পারিনি।”
