১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

হাম: ময়মনসিংহ মেডিকেলে আইসিইউ সংকট, বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা

আগের ২৪ ঘণ্টায় এ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2026, 02:07 PM

Updated : 26 Aug 2026, 03:31 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। হামের প্রকোপ বাড়ার পর এখানে ভর্তি হওয়া ২২ শিশু প্রাণ হারিয়েছে। 

চিকিৎসকরা বলছেন, হাসপাতালে আইসিইউর ব্যবস্থা থাকলে হয়তো মৃত্যুর হারটা আরও কম হতো। 

শুক্রবার সকাল ১১টার দিকে হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, আগের ২৪ ঘণ্টায় এ হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন ভর্তি হয়েছে ২৪ শিশু।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০ মাস ও পাঁচ মাস বয়সি দুই ছেলে শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ১০ মাস বয়সি শিশুটির মৃত্যু হয়। নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে আসা শিশুটিকে ২৫ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়। 

পাঁচ মাস বয়সি শিশুটির বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলায়। গত ২৯ এপ্রিল রাতে ভর্তি করা শিশুটি বৃহস্পতিবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। 

তিনি বলেন, “যেসব শিশু হামের উপসর্গের পাশাপাশি অন্যান্য রোগে আক্রান্ত সেসব শিশু বেশি মারা যাচ্ছে। তবে, আইসিইউ ব্যবস্থা থাকলে হয়তো মৃত্যুর হারটা আরও কম হতো। ”

এছাড়া আইসিইউ সংকটের কারণে অনেক শিশুকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে অভিভাবকদের। 

শুক্রবার সকালে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে গিয়ে দেখা যায় আট মাস বয়সী শিশুকে তাজনিমকে কোলে নিয়ে চোখের পানি ফেলছেন মা হেলেনা আক্তার। 

শিশুটির নাকে সংসুক্ত করা আছে অক্সিজেনের নল। পাশে বসে থাকতে দেখা যায় শিশুটির বাবা ইসলাম উদ্দিনকে। জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্ত গ্রামের এই দম্পতি মঙ্গলবার তাদের শিশুকে নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। 

হেলেনা আক্তার বলেন, “প্রতিদিন এই ওয়ার্ডে শিশু মারা যাচ্ছে। এতে নিজের বুকও কেঁপে উঠছে। এখানে যদি আইসিইউর ব্যবস্থা থাকতো তাহলে এতো শিশু মারা যেত না। নিজ সন্তানকে নিয়ে আতঙ্কের মধ্যে রাতদিন কাটছে। ”

পাশের কেবিনে হামের উপসর্গ নিয়ে নয়মাস বয়সী ছেলে রাফসানকে নিয়ে ভর্তি হয়েছেন জেলার ফুলপুরের বাসিন্দা তাবাসসুম আক্তার। গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন ছেলের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা ঢাকা যাওয়ার পরামর্শ দিয়েছেন। 

তাবাসসুম বলেন, “আমরা গরিব অসহায় মানুষ। ডাক্তার বলছে ছেলেকে নিয়ে ঢাকা যাওয়ার জন্য কিন্তু টাকা পয়সা না থাকায় যেতে পারছি না। এখানে যদি উন্নত চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে আমাদের মতো গরিবদের জন্য ভালো হতো।”

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, গত ১৭ মার্চ থেকে হাসপাতালে মোট চিকিৎসা নিয়েছেন ৯৯৬ জন, এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১১ জন। গত ২৪ ঘণ্টায় বাড়ি ফিরেছে ২৮ শিশু।

এই সময় এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৬৩ শিশু।

তবে এ চিকিৎসক দ্রুত সংকট কাটার আশার কথা জানিয়ে বলেন, “আমাদের একটি নতুন ভবন হচ্ছে। সেখানে পাঁচ শয্যার আইসিইউ করার প্রস্তাবনা রয়েছে।  আশা করি সেটি হলে এই অঞ্চলের শিশুরা সুন্দর সেবা পাবে। ”