২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

‘মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্ব’: মাদারীপুরে যুবককে গলা কেটে হত্যা

এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

‘মাদক বেচাকেনা নিয়ে দ্বন্দ্ব’: মাদারীপুরে যুবককে গলা কেটে হত্যা
মাদারীপুর সদর থানা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 08:12 PM

Updated : 26 Aug 2026, 05:27 PM

মাদারীপুর সদর উপজেলায় মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে এক যুবককে গলা কেটে হত্যার অভিযোগ উপঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার বেলা ৩টার দিকে উপজেলার কুনিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ।

নিহত জাহিদ শেখ (৪০) ওই এলাকার জাবেদ শেখের ছেলে।

আটক সজীব শেখ (৩৮) পার্শ্ববর্তী রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর এলাকার মোস্তফা শেখের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসাসহ বিভিন্ন বিষয় নিয়ে জাহিদ শেখের সঙ্গে সজীব শেখের বিরোধ চলে আসছিল। এ ঘটনার জেরে বেলা ৩টার দিকে জাহিদ শেখের বাড়িতে গিয়ে সজীব ঝগড়া শুরু করেন। এক পর্যায়ে সজীব তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে জাহিদের গলায় এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। 

স্থানীয়রা জাহিদকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সময় জাহিদের স্ত্রী ডাক-চিৎকার করলে স্থানীয়রা গিয়ে সজীবকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, “লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। এ ঘটনায় সজীবকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।”