Published : 12 Feb 2026, 04:33 PM
নওগাঁ-৫ (সদর) আসনের ভোটগণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেওয়ার অভিযোগে এক প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাটখইর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনুল আবেদীন বলেন, “ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন। কিন্তু ভোটগণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। প্রাথমিকভাবে ওই প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।”