১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রূপপুর পারমাণবিক প্রকল্পে কাঠের স্তূপে আগুন, নেভাল ৮ ইউনিট

“এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 02:37 PM

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পরিত্যক্ত কাঠের স্তূপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

বৃহস্পতিবার দুপুরে এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পাবনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শারফুল আহসান ভুঞা। 

তবে এতে হতাহাতের কোনো খবর পাওয়া যায়নি।

শারফুল আহসান বলেন, “রূপপুর প্রকল্পের এক পাশে কাঠের স্তূপ রাখা ছিল। হঠাৎ কর্মরতরা সেখানে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ইউনিটের লোকজন ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।”

প্রত্যক্ষদর্শীরা বলেন, রুপপুর কেন্দ্রের মাত্র ৩০০ গজ দূরেই ফায়ার সার্ভিসের একটি স্টেশন থাকায় দ্রুত একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। 

এরপর পর্যায়ক্রমে রূপপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশন, গ্রিন সিটি ফায়ার সার্ভিস স্টেশন, রূপপুর অস্থায়ী ফায়ার সার্ভিস স্টেশন, ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের মোট ৮টি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়।

আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হয়েছে জানিয়ে রূপপুর গ্রিনসিটি মডার্ন ফায়ার স্টেশনের কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, “এ ঘটনায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”

এ ঘটনায় চেষ্টা করেও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কারও বক্তব্য পাওয়া যায়নি।