চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ
বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন চলতি মে মাসে বিভিন্ন অভিযানে ১২টি গরু জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে চারটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন
সোমবার রাত পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) জহুরপুরটেক বিওপির বিশেষ টহলদল সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ অভিযান চালায় বলে জানিয়েছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, শূন্যরেখা থেকে প্রায় চার কিলোমিটার ভেতরে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়। জব্দ করা গরুর আনুমানিক বাজারমূল্য তিন লাখ টাকা। পরে সেগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চলতি মে মাসে তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১২টি গরু জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
