Published : 31 Jan 2026, 08:03 PM
উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি প্রকৌশলীদের জন্য ৩৩ শতাংশ কোটার সিদ্ধান্তের প্রতিবাদে গাজীপুরে ‘রেলপথ ব্লকেড’ পালন করেছেন ডিপ্লোমা শিক্ষার্থীরা।
এতে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন যাত্রীরা। প্রায় দুই ঘণ্টা পর আন্দোলনকারীরা রেলপথ থেকে সরে গেলে ট্রেন চলাচল শুরু হয় বলে জানায় রেল কর্তৃপক্ষ।
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে মহানগরের জয়দেবপুর-শিমুলতলী পথের মাঝির খোলা এলাকায় রেলপথ অবরোধ করা হয় বলে জানান জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বণিক।
তিনি বলেন, অপরোধের কারণে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেন আটকে দেন ডিপ্লোমা প্রকৌশলীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিক্ষার্থীরা রেলপথ থেকে সরে গেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন বলেন, সম্প্রতি উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা ঘোষণা করা হয়। ডিপ্লোমা প্রকৌশলীরা এর বিরোধিতা করছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ‘ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের’ ব্যানারে বিক্ষোভের ডাক দেওয়া হয়।
শুক্রবার তারা নগরের শিববাড়ী থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে রেললাইন অবরোধের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। সেখানে ঘোষিত কর্মসূচি অনুযায়ী শনিবার বিকালে ‘রেলপথে ব্লকেড’ করেন তারা।
ডিপ্লোমা প্রকৌশলীরা জানান, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতি কোনও কার্যকর সমাধান নয়। কমিটি বিলুপ্ত না হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। তারা দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সার্কুলারের বিরুদ্ধে করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।
স্টেশন মাস্টার মুন্না বণিক সাংবাদিকদের বলেন, ট্রেন আটকে বিক্ষোভ করায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে অনেকে সড়কপথে যানবাহনে গন্তব্যে রওনা হন।
‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ট্রেনে রওনা হন তিনি। বিকাল সাড়ে ৪টার দিকে ট্রেনটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে পৌঁছালে ছাত্রদের আন্দোলনের কথা শুনে থেমে যান তিনি।
সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করে সেখান থেকে ইজিবাইকে করে সফিপুর বাসস্ট্যান্ডে গিয়ে ঢাকার উদ্দেশে বাসে রওনা হন সাজ্জাদ। তার মতো অনেকেই বিকল্প পথে গন্তব্যে রওনা হন।