Published : 24 Jul 2026, 05:02 PM
ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত দুটি ডাকাতি মামলায় চার আসামি গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকা ও কাটাখালীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার বিকালে জানিয়েছেন রাজাপুর থানার ওসি সুজন বিশ্বাস।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের জুয়েল মৃধা (৪২), বাদুরতলী গ্রামের রাশেদুল হোসেন (২৫), মিরুখালী গ্রামের হাসান হাওলাদার (৩০) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বাশবুনিয়া গ্রামের শাহ আলম সিকদার (৪৫)।
পুলিশ জানায়, সম্প্রতি উপজেলার চাড়াখালী ও উত্তর বাগড়ি এলাকায় পরপর দুই রাতে ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় রাজাপুর থানায় পৃথক দুটি ডাকাতি মামলা করা হয়।
তার মধ্যে একটি মামলায় জুয়েল মৃধা, রাশেদুল হোসেন ও হাসান হাওলাদারকে এবং অপর মামলায় শাহ আলম সিকদারকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পরে তাদের আদালতে হাজির করা হলে বিচারক চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ওসি সুজন বিশ্বাস বলেন, মামলাগুলির তদন্ত চলছে। এ দুই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।