১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দুই মামলায় ৬ দিনের রিমান্ডে মমতাজ, আদালত চত্বরে ডিম নিক্ষেপ

মানিকগঞ্জে হত্যা ও নাশকতার মামলায় আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

দুই মামলায় ৬ দিনের রিমান্ডে মমতাজ, আদালত চত্বরে ডিম নিক্ষেপ
সাবেক সংসদ সদস্য ও সংগীত শিল্পী মমতাজ বেগমকে হত্যা ও নাশকতার দুই মামলায় বৃহস্পতিবার মানিকগঞ্জের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় তার দিকে ডিম ও জুতা ছোড়েন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: মাহিদুল ইসলাম

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2025, 02:08 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

মানিকগঞ্জে হত্যা ও নাশকতার দুই মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে পৃথক দুটি মামলায় হরিরামপুর ও সিংগাইর আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের ওসি আবুল খায়ের।

রিমান্ড শুনানি শেষে মমতাজকে প্রিজন ভ্যানে তোলার সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ জনতা তাকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন।

ওসি আবুল খায়ের বলেন, সকাল সাড়ে ৮টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতে নেওয়া হয়। 

পরে বেলা ১১টার দিকে হরিরামপুরের একটি নাশকতার মামলায় মানিকগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক আইভি আক্তার শুনানি শেষে আসামিকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান তিনি।

এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইরের একটি হত্যা মামলায় মানিকগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মুহাম্মদ আব্দুন নূরের আদালতে মমতাজকে তোলা হলে বিচারক আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান ওসি আবুল খায়ের।

এদিকে রিমান্ড শুনানির সময় আদালত চত্বরে বিএনপি সমর্থক আইনজীবী ও নেতাকর্মীরা মমতাজ বেগমের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে প্রিজন ভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপির নেতাকর্মীরা মমতাজকে লক্ষ্য করে ডিম ও জুতা নিক্ষেপ করেন।

ওসি আবুল খায়ের বলেন, ২০১৩ সালে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। ঘটনার এক দশক পর ২০২৪ সালের ২৫ অক্টোবর নিহত এক ব্যক্তির স্বজন মজনু মোল্লা বাদী হয়ে মমতাজ বেগমকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।

এ ছাড়া মমতাজের নির্বাচনি এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। ২০২৪ সালের ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি করেন।

এর আগে ১২ মে রাতে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

লোকসংগীতের প্রতিষ্ঠিত শিল্পী মমতাজ আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সদস্য হন। পরে নির্বাচিত হন নৌকা প্রতীকে। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ানো এক আওয়ামী লীগ নেতার কাছে হেরে যান তিনি।

গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্দোলনে প্রাণহানির ঘটনায় করা একাধিক মামলায় আসামির তালিকা নাম রয়েছে তার।

ধানমন্ডিতে গ্রেপ্তার সংগীত শিল্পী ও সাবেক এমপি মমতাজ

মমতাজের চারদিনের রিমান্ড শেষ, কারাগারে আটক রাখার আবেদন

পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচার

চার দিনের রিমান্ড শেষে আদালতে মমতাজ, জামিন নামঞ্জুর