১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে রিকশাচালককে হত্যা, ‘ছিনতাইকারীকে’ পিটুনি-গ্রেপ্তার

চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে ইসহাক মিজিকে রক্তাক্ত অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশার সিটে দেখতে পান স্থানীয়রা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2025, 04:59 PM

Updated : 26 Aug 2026, 12:20 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় ব্যাটারিচালিত রিকশার এক চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। এতে জড়িত সন্দেহে এক ‘ছিনতাইকারীকে’ পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শনিবার রাত পৌনে ৩টার দিকে কোতালেরবাগ এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ রেল লাইনের পাশের সড়কে এ ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।

নিহত ৪৫ বছর বয়সী ইসহাক মিজি চাঁদপুরের মতলব থানার নায়েরগাঁও ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লার পশ্চিম সস্তাপুর এলাকায় ভাড়াবাসায় থাকতেন।

এ ঘটনায় আটক সোহরাব হাওলাদার (৪০) পটুয়াখালীর রাঙ্গাবালী থানার বাহেরচর গ্রামের আতাহার হাওলাদারের ছেলে। তিনি ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় ভাড়াবাসায় থাকেন। 

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রাত পৌনে ৩টার দিকে চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে ইসহাক মিজিকে রক্তাক্ত অবস্থায় ব্যাটারিচালিত অটোরিকশার সিটে দেখতে পান স্থানীয়রা। 

এ সময় কয়েকজন ব্যক্তিকে দৌঁড়ে পালাতে দেখলে তাদের ধাওয়া দেন স্থানীয়রা। তখন একজনকে ধরে ফেলতে পারলেও দুজন ডোবার পানিতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। 

পরে আটক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অন্যদিকে ইসহাক মিজিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রাথমিক তদন্তের বরাতে ওসি শরীফুল ইসলাম বলেন, “রিকশা কিংবা টাকা ছিনতাইয়ের জন্যই চালকের গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে।”

তিনি আরও বলেন, রোববার দুপুরে নিহতের ছেলে রাসেল মিজি বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় সোহরাবের নাম উল্লেখসহ আরও তিন-চার জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। 

ওই মামলায় সোহরাবকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।