Published : 09 Jun 2026, 10:00 PM
এ বছর অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে অনিয়ম হলে সরকার মুখ থুবড়ে পড়বে বলে মনে করেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।
তিনি বলেছেন, “সরকার যদি প্রথম বছরেই অনিয়মের নির্বাচন করে, তাহলে এই সরকার মুখ থুবড়ে পড়বে। পাঁচ বছর দেশ চালাতে পারবে না।
“সামনের স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের অসহায়ত্ব দেখেছি। তার বক্তব্যে স্পষ্ট, সরকার না চাইলে নির্বাচন কমিশন শান্তিপূর্ণ ভোট করতে পারবে না।”
এমনটা যদি হয় তাহলে সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটি আলোচনা করতে হবে বলেও জানান জাপা মহাসচিব।
মঙ্গলবার বিকালে বরিশাল নগরীর সদর রোড কীর্তনখোলা মিলনায়তনে পার্টির বরিশাল বিভাগীয় কমিটির মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে মিছিল-মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “কোনো ব্যক্তি, দল বা কোনো সরকার আমাদেরকে বাধাগ্রস্ত করে তাহলে ইতিহাস সেটার দায় নেবে।”
তিনি বলেন, “জাতীয় পার্টি তীব্রভাবে মনে করে, একাত্তরের চেতনা ছাড়া বাংলাদেশ থাকতে পারে না। আমরা বাংলাদেশকে বাংলাদেশ রাখব। একাত্তর ও মুক্তিযুদ্ধের চেতনাকে আঁকড়ে ধরে রাখব। সেই বাংলাদেশে সকলে থাকবে। সকলে রাজনীতি করবে। ভবিষ্যতে কোনো যুদ্ধ এলে সকলে একসঙ্গে যুদ্ধ করব।”
শামীম হায়দার পাটোয়ারী বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতির তীব্রভাবে অবনতি হতে পারে। দেশে অসন্তোষ বাড়ছে।”
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল জেলা আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল বিভাগীয় আহ্বায়ক প্রকৌশলী ইকবাল হোসেন তাপস, প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভুঁইয়া ও আলমগীর সিকদার।