নোয়াখালীতে বিদ্যুতের তার মেরামতের সময় সৌদি প্রবাসীর মৃত্যু
দুই মাস আগে ছুটিতে এসেছিলেন তিনি; ফিরে যাওয়ার কথা ছিল ২৫ অগাস্ট।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নিজের বাড়িতে বৈদ্যুতিক তার মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৌদি প্রবাসী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চর হাজারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মো. সাইফুল ইসলাম (৩৫) ওই এলাকার আলী আকবরের ছেলে।
চর হাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, দুই মাস আগে ছুটিতে বাড়ি এসেছিলেন সাইফুল। আগামী ২৫ অগাস্ট তার আবার সৌদি আরব যাওয়ার ফ্লাইট ছিল তার। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিজের ঘরে বৈদ্যুতিক তার মেরামত করছিলেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান সাইফুল।
তিনি বলেন, পাঁচ বছর আগে সৌদি আরব যান সাইফুল।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রবাসীর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ গেছে। এ বিষয়ে নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
