নওগাঁজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
তিন মাসের পরিচ্ছন্নতা কর্মসূচি শতভাগ সফল করার আহ্বান নিয়ে নওগাঁয় শুরু হলো জাতীয় ডেঙ্গু প্রতিরোধ অভিযান।
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নওগাঁজুড়ে শুরু হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করার পর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ডেঙ্গুর বিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসাধারণের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই। যার যার বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে মশাবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। প্রধানমন্ত্রীর গৃহীত তিন মাসের কর্মসূচিকে সফল করতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে।”
কর্মসূচির শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরের প্রধান প্রধান সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, সিভিল সার্জন মো. আমিনুল ইসলাম ও নওগাঁ পৌরসভার প্রশাসক টি এম এ মোমিন বক্তব্য দেন।
একই সময়ে জেলার ১১টি উপজেলা প্রশাসন ও ৩টি পৌরসভায় শোভাযাত্রা, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে কর্মসূচি সূচনা করা হয়। এতে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পাশাপাশি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।
