Published : 04 Dec 2025, 02:31 PM
ঢাকার সাভারের আশুলিয়ায় গুলি ছুড়ে এলাকায় ত্রাস সৃষ্টির অভিযোগে চার জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি বিদেশী পিস্তল।
গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুল মান্নান পাটোয়ারী (২৪), মো. মনোয়ার হোসেন টিটু (২৮), মো. আল আমিন স্বপন (৩০) ও মো. জুলহাস মিয়া (৩০)।
বৃহস্পতিবার সকালে ঢাকা জেলার ডিবির (উত্তর) ওসি মো. জালাল উদ্দিন জানান, ভোরে আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, “বুধবার রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ শক্তি প্রদর্শনকালে গুলি ছোড়ার একটি ঘটনা ঘটে। পরে রাতভর আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে চার জনকে আটক করা হয়।
“আটক আব্দুল মান্নান পাটোয়ারীর দেওয়া তথ্যে একটি সিলভার রঙের ইউএসএসের তৈরি পিস্তল, ম্যাগাজিন ও পিস্তলের গুলির খোসা উদ্ধার করা হয়।”
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জালাল উদ্দিন জানান।