Published : 03 Jan 2026, 08:49 PM
মনোনয়নপত্রের প্রাথমিক বাছাইয়ে দ্বিতীয় দিনে বরিশালের তিনটি আসনে আট প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত এবং চারজনের বাতিল করা হয়েছে।
শনিবার বরিশাল-১, বরিশাল-২ এবং বরিশাল-৩ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।
জামায়াতে ইসলামীর মনোনীত বরিশাল-১ আসনের কামরুল ইসলাম ও বরিশাল-২ আসনের আব্দুল মান্নান, বরিশাল-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, একই আসনের এনসিপির প্রার্থী সাহেব আলী, জাতীয় পার্টির এম এ জলিল ও কংগ্রেস পার্টির আব্দুল হক, বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও বাসদের আজিমুল হাসান জিহাদের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
বরিশাল-২ আসনের জাসদ প্রার্থী আবুল কালাম আজাদ বাদল, বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও ফকরুল আহসান এবং স্বতন্ত্র বিএনপি নেতা আব্দুস ছত্তার খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই করে রির্টানিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন বলেন, আয়করে সমস্যা থাকায় বরিশাল-১ আসনের জামায়াত প্রার্থী কামরুল ইসলাম খান, তিনশ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা না থাকায় বরিশাল-২ আসনের একই দলের আব্দুল মান্নান, আয়করে সমস্যা থাকায় একই আসনের বিএনপির প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর, হোল্ডিং ট্যাক্সে সমস্যা থাকায় একই আসনের এনসিপি মনোনীত প্রার্থী সাহেব আলীর, অঙ্গীকারনামা না থাকায় একই আসনের জাতীয় পার্টির প্রার্থী এম এ জলিল ও কংগ্রেস পার্টির আব্দুল হক, দ্বৈত নাগরিকত্ব থাকা বরিশাল-৩ আসনের জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও অঙ্গীকারনামা না থাকার কারণে বাসদের আজিমুল হাসান জিহাদের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
দলীয় অঙ্গীকারনামা না থাকার কারণে বরিশাল-২ আসনের জাসদ প্রার্থী আবুল কালাম আজাদ বাদল, বরিশাল-৩ আসনের ইকবাল হোসেন তাপস ও ফকরুল আহসান এবং নিজের অঙ্গীকারনামা না থাকায় স্বতন্ত্র বিএনপি নেতা আব্দুস ছত্তার খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
প্রার্থিতা বহাল রয়েছে- বরিশাল-১ আসনে বিএনপির প্রার্থী জহিরউদ্দিন স্বপন, স্বতন্ত্র বিএনপি নেতা আব্দুস সোবহান, জাতীয় পার্টির সেরনিয়াবাত সেকেন্দার আলী এবং ইসলামী আন্দোলনের রাসেল সরদার মেহেদীর।
বরিশাল-২ আসনে বাসদের প্রার্থী তারিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী নেসার উদ্দিন, রঞ্জিত কুমার বাড়ৈ এবং খেলাফত মসজিদের মুন্সী মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
বরিশাল-৩ আসনে বিএনপির জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলনের সিরাজুল ইসলামী, গণঅধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন এবং এবি পার্টির আসাদুজ্জামান ভূঁইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শুক্রবার বরিশালের অপর তিন আসনের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। ওই দিন বরিশাল-৫ আসনের বাসদ প্রার্থী ডা. মনিষা চক্রবর্তী এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের মুসলিম লীগ প্রার্থী আব্দুল কুদ্দুসের মনোনয়নপত্র স্থগিত করা হয়।
এ ছাড়া বরিশাল-৫ সদর আসনের খেলাফত মজলিসের প্রার্থী এ কে এম মাহবুব আলম ও একই আসনের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।