Published : 22 Dec 2025, 04:25 PM
নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির-এনসিপির প্রার্থী ওমর ফারুকের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নান।
সোমবার দুপুরে চাটখিল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় নোয়াখালী-১ আসনে একমাত্র মনোনয়নপত্র সংগ্রহকারী হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান।
এনসিপির প্রার্থী ওমর ফারুক বলেন, “ইনসাফের কথা বলে জুলাই বিপ্লব ঘটিয়েছে এদেশের আপামর জনগণ। সেই ইনসাফের যখন আমরা ঘাটতি দেখি, ইনসাফ থেকে যখন আমরা দূরে সরে যাই তখন বিপ্লবী হাদিরা জন্ম নেয়।
“আবার হাদিরাও বুলেটবিদ্ধ হয়। তখন অনেকে মনে করে হাদিরা শেষ, ইনসাফও শেষ। কিন্তু হাদির জানাজায় প্রমাণ হলো ইনসাফ কায়েমের জন্য যুগ যুগ ধরে হাদিরা জন্ম নেবে। হাদির কফিনে শপথ নিয়ে সারাদেশে লক্ষ লক্ষ লোক বিপ্লবী হাদি হবে।”
তিনি বলেন, “সেই একটা প্রত্যাশা, সেই একটা ভরসার জায়গা থেকে এনসিপি আমার উপর আস্থা রেখেছে, সেই সম্মানের জায়গা থেকে আমার নির্বাচনে আসা।”
শহীদ আহসান হাবিব তামিমের বাবা আব্দুল মান্নান বলেন, “আজ আমি ফারুক ভাইয়ের মনোনয়ন সংগ্রহ করেছি। তিনি শাপলা প্রতীকের প্রার্থী। তিনি একজন সৎ মানুষ।”
“আমরা চাই তিনি বিজয়ী হয়ে এই অঞ্চলের মানুষের দুঃখ-কষ্ট লাঘব করবেন। পাশাপাশি জুলাই আন্দোলনের যোদ্ধাদের পাশে দাঁড়াবেন। নতুন বাংলাদেশ এগিয়ে যাক, এই প্রত্যাশাই করি।”
ছাত্র আন্দোলনে আহত রফিকুল ইসলাম রনি বলেন, “জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে আমরা এমন নেতৃত্ব চাই, যারা গণমানুষের কথা বলবে এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে।”
মনোনয়ন সংগ্রহের সময় জুলাই যোদ্ধা চাটখিল উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী গোলাপ হোসেন ফরহাদ, নোয়াখালী জেলা এনসিপির সংগঠক ইঞ্জিনিয়ার মো. হানিফ, চাটখিল উপজেলা এনসিপির সংগঠক রাসেদুল ইসলাম, মুফতি নাজিমুদ্দিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী-১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, “নোয়াখালী-১ আসনের চাটখিল উপজেলা থেকে একটি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, যা এনসিপি প্রার্থী সংগ্রহ করেছেন।
“নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। আচরণবিধি মানা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”