Published : 04 Feb 2026, 05:12 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা বিভাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং এই অঞ্চলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই অঞ্চলে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে এ অঞ্চলে কোনো ধরনের আশঙ্কা নেই। নির্বাচন খুবই উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।”
ভোট ও ফলাফল নিয়ে কোনো সংশয়ের সুযোগ নেই বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোট সাত দিন মাঠে থাকবে। ভোটের আগে চার দিন, ভোটের দিন এবং ভোটের পর দুই দিন।”
“এবারের নির্বাচনে নিরাপত্তায় অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ সংখ্যক বাহিনী ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।”
এক লাখেরও বেশি সেনা সদস্য, পাঁচ হাজার নৌবাহিনী, চার হাজার কোস্টগার্ড, সাড়ে তিন হাজার নেভি, প্রায় এক লাখ পুলিশ সদস্য, ৩৭ হাজার বিজিবি, ৯ হাজার র্যাব এবং সবচেয়ে বড় শক্তি হিসেবে পাঁচ লাখেরও বেশি আনসার সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
প্রত্যেক ভোটকেন্দ্রে সিসিটিভি, বডি ক্যামেরা, ডগ স্কোয়াড ও ড্রোন নজরদারি থাকবে বলেও জানান তিনি।
গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “পরিস্থিতি বিবেচনায় যেসব কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে।”
গণমাধ্যমের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সাংবাদিকরা যেন আগের মতোই সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশ করেন। মিথ্যা বা বিভ্রান্তিকর সংবাদ কখনো কখনো পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যায়।”
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের (এসআইএফ) মহাপরিচালক একেএম শহিদুর রহমান ও পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম।