Published : 08 May 2026, 01:07 PM
লক্ষ্মীপুর সদর উপজেলাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার অনুমোদন দেওয়ায় আনন্দ মিছিল করছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ বাজারে এ মিছিল থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
মিছিলে চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলি করিম, বর্তমান সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে বগুড়া সিটি করপোরেশন গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জসহ পৃথক চারটি জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।
এর আগে ২০১৪ সালের ২ জুন লক্ষ্মীপুর সদর থানাকে বিভক্ত করে ৯টি ইউনিয়ন নিয়ে চন্দ্রগঞ্জ থানা ঘোষণা করা হয়। সে ইউনিয়নগুলো হল বশিকপুর, দত্তপাড়া, উত্তর জয়পুর, চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, চারশাহী, দিঘলী, মান্দারী ও কুশাখালী।
থানা ঘোষণার পর থেকেই স্থানীয় বাসিন্দাদের অন্যতম দাবি ছিল চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা ঘোষণা করার। অবশেষে তাদের দাবি পূরণ হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু বলেন, “চন্দ্রগঞ্জকে পৃথক উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ায় সবাই খুশি। এজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি চন্দ্রগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
“এছাড়া চন্দ্রগঞ্জকে উপজেলা করার ক্ষেত্রে পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সর্বোচ্চ ভূমিকা রাখায় তাকেও অভিনন্দন জানাচ্ছি।”