নরসিংদীতে তাঁত বোর্ডের কর্মকর্তারা অবরুদ্ধ, ৯ ঘণ্টা পর মুক্তি
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত করার দাবিতে দুপুর ২টা থেকে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরের আওতায় নেওয়ার দাবিতে তাঁত বোর্ডের চেয়ারম্যানসহ ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করেন শিক্ষার্থীরা।
দাবি পূরণের আশ্বাসে কাগজে স্বাক্ষর দিয়ে রাত ৯টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে কর্মকর্তারা মুক্তি পান বলে জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।
সোমবার দুপুর ২টা থেকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের একটি কক্ষে তারা অবরুদ্ধ ছিলেন বলে জানান তিনি।
কর্মকর্তাদের স্বাক্ষর করা কাগজে বলা হয়েছে, “আগামী ১৩ জানুয়ারি সোমবারের মধ্যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং স্টেকহোল্ডারদের নিয়ে জরুরি সভা আয়োজনের ব্যবস্থা করা হবে।
“উল্লেখ্য, প্রধান দাবি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্র অধিদপ্তরের অধীনে পরিচালিত হবে।”
অবরুদ্ধ ছিলেন- তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী (এনডিসি), সদস্য (পরিকল্পনা ও বাস্তবায়ন) (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম সচিব ও পরিচালক (প্রশাসন) আকরামুজ্জামান, প্রধান হিসাব রক্ষক এবং প্রকল্প পরিচালক সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক মো. আইয়ুব আলী, ব্যবস্থাপক (অপারেশন) মো. মনজুরুল ইসলাম, ব্যবস্থাপক (রক্ষণাবেক্ষণ) মো. সাইফুল হক, নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার এবং নরসিংদী টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ মাহবুবুল হকসহ ১৫ জন।
শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। এ নিয়ে একাধিকবার ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সভা-সমাবেশ ও মানববন্ধন করেন।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়ন করার জন্য একাধিকবার আশ্বাস দিয়েও, তা পূরণ না হওয়ায় কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অনড় থাকার কথা জানান শিক্ষার্থীরা।
নরসিংদী তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুমাইয়া সামি বলেন, “আমরা তাঁত বোর্ডের অধীনে হওয়ায় নানা জটিলতায় ভুগছি। যেমন- ভর্তি জটিলতা, বেশি সেশন ফি, নিয়মিত শিক্ষক না থাকাসহ শিক্ষা কার্যক্রমে নানা জটিলতার দেখা দিয়েছে।
“আমাদের এক দফা দাবি হচ্ছে, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরে স্থানান্তর করে স্থায়ী শিক্ষক নিয়োগ দেওয়া।”
