১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাজবাড়ীতে আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা টাঙিয়ে উধাও দুই যুবক

একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, অজ্ঞাত দুই যুবক জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে জাতীয় পতাকা টাঙিয়ে এবং উদ্বোধনী ব্যানার লাগিয়ে চলে যায়।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 01:02 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

রাজবাড়ীতে দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে বন্ধ থাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হঠাৎ জাতীয় পতাকা টাঙানো ও উদ্বোধনী ব্যানার লাগানোর ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার সকালে শহরের রাজবাড়ি প্রেসক্লাবের পেছনে আওয়ামী লীগের কার্যালয়ে অজ্ঞাত পরিচয় দুই যুবক ঢুকে পতাকা টাঙিয়ে চলে গেলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

সকাল সোয়া ১০টার দি‌কে গি‌য়ে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যাল‌য় চত্বরে স্থানীয় ক‌য়েকজন ব্যক্তি দাঁ‌ড়ি‌য়ে আ‌ছেন। আওয়ামী লীগ কার্যাল‌য়ের দেয়া‌লে ব‌্যানার টাঙ্গা‌নো আ‌ছে; পা‌শেই উড়‌ছে জাতীয় পতাকা। 

ব‌্যানা‌রে লেখা আ‌ছে- ৫ অগাস্ট ২০২৪ সা‌লের পর রাজবাড়ী প্রথম জয় বাংলা স্লোগান দেয় জেলা যুবলীগ। আজ জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদ‌ক নুরুজ্জামান মিয়া সো‌হে‌লের নেতৃ‌ত্বে পা‌র্টি অ‌ফিস উ‌দ্বোধন করা হ‌লো। 

দেড় বছর বন্ধ থাকার পর হঠাৎ করেই এ কার্যক্রম ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে আওয়ামী লীগের কার্যালয়ের ভেতরে তাদের কোনো নেতাকর্মীকে পাওয়া যায়নি। কার্যালয়ের সামনে কথা এ প্রসঙ্গে হয় প্রত্যক্ষদর্শী ভ‌্যানচালক ইসমাইল হো‌সেনের সঙ্গে। 

ইসমাইলের ভাষ্য, “সকাল ১০টার দিকে অজ্ঞাত পরিচয় দুই যুবক জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রবেশ করেন। পরে তারা জাতীয় পতাকা টাঙান এবং উদ্বোধনের একটি ব্যানার লাগান। এরপর তারা চ‌লে যায়।”

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি।