১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অফিসে ঠিক সময়ে না এলে ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিসিক প্রশাসকের

“ঠিক সময়ে উপস্থিত না হলে ব্যবস্থা নেওয়া হবে। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারিদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2026, 12:14 PM

Updated : 26 Aug 2026, 03:02 PM

সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী দায়িত্ব গ্রহণের দ্বিতীয় দিনেই নগর ভবন পরিদর্শনে গিয়েছেন।

এ সময় রাজস্ব ও প্রকৌশল শাখাসহ বিভিন্ন বিভাগে ঘুরে দেখেন এবং অনুপস্থিতদের তালিকা তৈরির নির্দেশ দেন তিনি।

নগরীর বন্দরবাজার এলাকায় নগরভবনে বৃহস্পতিবার সকাল ৯টায় অফিস শুরুর নির্ধারিত সময়ে গিয়ে তিনি ‘বেশিরভাগ’ কর্মকর্তা ও কর্মীদের কর্মস্থলে পাননি।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারসহ অন্যরা এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা যায়, নবনিযুক্ত এই প্রশাসক প্রধান প্রকৌশলী ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে তাদের কার্যালয়ে পাননি। রাজস্ব শাখার ৬৯ জন কর্মচারীর মধ্যে মাত্র চার থেকে পাঁচ জন ‘ঠিক সময়ে’ অফিসে উপস্থিত হয়েছেন বলে তথ্য পান তিনি।

অফিসে অনুপস্থিতির বিষয়ে দায়িত্বরত অন্যদের কাছে কৈফিয়ত চান তিনি এবং সময়মতো অফিসের কার্যক্রম শুরু করতে নির্দেশ দেন।

ঠিক সময়ে অফিসে উপস্থিত না বিষয়ে প্রধান প্রকৌশলী আলী আকবরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রশাসক মহোদয় বলেছেন, এখানো আমার বলার কিছু নাই।”

বুধবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করেন তিনি।

নগর ভবনের বিভিন্ন শাখা ঘুরে দেখার পর নবনিযুক্ত প্রশাসক কাইয়ুম চৌধুরী সাংবাদিকদের বলেন, “সরকারের নির্দেশ রয়েছে সকাল নয়টা থেকে অফিস করার জন্য। সবাইকে সরকারি নির্দেশনা মেনে অফিসে কাজ করতে হবে।

“ঠিক সময়ে উপস্থিত না হলে ব্যবস্থা নেওয়া হবে। অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারিদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।”