২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফজলুর রহমানের বক্তব্যে দল বিব্রত: প্রিন্স

শনিবার সমতলের ১২ জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর সাংগঠনিক সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2025, 06:23 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেছেন, “ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত, তাই সদস্যপদ স্থগিত করা হয়েছে। যে যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য বা অবস্থান এই দায়ভার দল মেনে নেবে না।

“উনি একজন মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ। তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন, সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না।” 

বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৭ সাল সংগঠনটি কাজ করছে। ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর দলের স্বীকৃতি লাভ করে। এরপর থেকে দলের ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেছেন।

এতে আরও জানানো হয়, আগামী শনিবার দুপুরে সমতলের ১২ জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর সাংগঠনিক সমাবেশ এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে। 

সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার।

বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদগের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব রোকনুজ্জামান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের ভাইস চেয়ারম্যান সুভাস চন্দ্র বর্মণ, সহসভাপতি অঞ্জন কুমার চিছাম, সুবাস চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জন জেত্রা, বিন্যামিন আরেং, আইন বিষয়ক সম্পাদক বিপুল হাজং, বাংলাদেশ জাতীয় হদি সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সিংহ, সহজলবায়ু বিষয়ক সম্পাদক হিমাংশু বর্মণ।