১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রামে বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে ‘ধর্ষণ’, ‘প্রেমিক’ গ্রেপ্তার

ভুক্তভোগী নারীর দায়ের করা মামলায় তার প্রেমিককে গ্রেপ্তার করে পুলিশ।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2026, 03:00 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

কুড়িগ্রামে বিয়ে করার কথা দিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিক ও তার দুই বন্ধুর বিরুদ্ধে। 

নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায় ২৩ মার্চ রাতে এ ঘটনা ঘটে। 

পরদিন কচাকাটা থানায় মামলা হলে রাতেই অভিযান চালিয়ে প্রধান আসামি প্রেমিক জাহিদ হাসানকে গ্রেপ্তার করা হয় বলে কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন মুন জানিয়েছেন। 

গ্রেপ্তার জাহিদ নাগেশ্বরীর বল্লভের খাষ ইউনিয়নের ধারিয়ার পাড় গ্রামের বাসিন্দা। 

আর ভুক্তভোগী ২২ বছর বয়সী ওই নারী কেদার ইউনিয়নের বাসিন্দা। 

পুলিশ বলছে, ওই নারীর সঙ্গে জাহিদের মোবাইল ফোনে প্রেমের সম্পরর্ক তৈরি হয়। ঘটনার দিন সন্ধ্যায় ওই নারীকে ঢাকায় নিয়ে গিয়ে বিয়ের আশ্বাস দেয় জাহিদ। 

পথে আয়নালের ঘাট এলাকায় দুধকুমার নদীর তীরে একটি ভূট্টা ক্ষেতে মেয়েটিকে নিয়ে গিয়ে জাহিদ, তার বন্ধু বাবু ও আরেক বন্ধু পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। 

পরে গভীর রাতে মেয়েটি ওই এলাকার একটি বাড়িতে আশ্রয় নেয়। পরদিন ২৪ মার্চ রাতে মেয়েটি কচাকাটা থানায় মামলা করে বলে জানায় পুলিশ।  

অতিরিক্ত পুলিশ সুপার মুনতাসির বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু্জনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”