Published : 11 Mar 2026, 12:54 PM
সাতক্ষীরা শহরে একটি মন্দিরের তালা কেটে প্রতিমার স্বর্ণালংকার, রুপা ও দানবাক্সের নগদ অর্থ চুরি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বুধবার গভীররাতে জেলার কেন্দ্রীয় মন্দির ‘মায়ের বাড়িতে’ এ ঘটনা ঘটে বলে সাতক্ষীরা জেলা মন্দির সমিতির সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিন জানিয়েছেন।
তিনি বলেন, “চোরেরা কালিমন্দির, অন্নপূর্ণা মন্দির, রাধাগোবিন্দ মন্দির ও জগন্নাথ মন্দিরের তালা কেটে ভেতরে প্রবেশ করে। তারা প্রতিমার গায়ে থাকা বিভিন্ন স্বর্ণালংকার খুলে নিয়ে যায় এবং দানবাক্স ভেঙে নগদ অর্থ লুট করে।

“চুরি যাওয়া সামগ্রীর মধ্যে চার ভরি ওজনের দুই জোড়া স্বর্ণের বালা, এক ভরি ওজনের দুই জোড়া শাঁখা, চার আনা ওজনের এক জোড়া কানের দুল, আট আনা ওজনের একটি চেন, দশ আনা ওজনের একটি নথ ও প্রায় পাঁচ ভরি রুপা রয়েছে।”
এ ঘটনায় ১৮ লক্ষাধিক টাকার সম্পদ চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে মন্দির কর্তৃপক্ষ।
মন্দির সমিতির কার্যনির্বাহী সদস্য দীপাসিন্ধু তরফদার বলেন, “মাত্র দুই দিন আগে শহরের কাটিয়া মন্দিরেও চুরির ঘটনা ঘটেছে। বারবার মন্দিরে চুরির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। আমরা দ্রুত দোষীদের গ্রেপ্তার এবং মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানাই।”

মন্দিরের সিসিটিভি ফুটেজে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে মন্দিরের কর্মকর্তা অসীম দাশ সোনা জানিয়েছেন। ফুটেজ বিশ্লেষণ করে চোরদের শনাক্ত করা সম্ভব হবে বলে আশা তার।
শহরের ধোপাপুকুর এলাকার বাসিন্দা চন্দন চৌধুরী অভিযোগ করেন, “এগুলো কোনো গোপন অপরাধ চক্রের কাজ হতে পারে, যারা পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়কে টার্গেট করছে। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।”
এ বিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা সদর পুলিশ ফাঁড়ির এসআই রেজাউল করিম কলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।