Published : 03 Sep 2024, 06:14 PM
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা থেকে ইয়াকুব বিশ্বাস নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার তালুকনগর মধ্যপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে দৌলতপুর থানার ওসি সুমন কুমার আদিত্য জানিয়েছেন।
মৃত ২৭ বছর বয়সী ইয়াকুব বিশ্বাস ওই এলাকার মোহাম্মদ আলমের ছেলে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি সুমন বলেন, “ইয়াকুব পরিবার নিয়ে ঢাকার আশুলিয়ার কাঠগড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। সোমবার ইয়াকুব তালুকনগর মধ্যপাড়া গ্রামের নিজ বাড়িতে আসেন।
“সকালে গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে থাকা অবস্থায় ইয়াকুবকে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।”
এ ঘটনায় মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ কোনো অভিযোগ করেনি জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।