আগামী সপ্তাহে শেখ হাসিনার বিচারের রায়: মাহফুজ আলম
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেছেন, “আমরা যে অঙ্গীকার নিয়ে এসেছিলাম, বিচারের কাজ শুরু করব। আমরা বিচারের কাজ শুরু করতে পেরেছি। আগামী সপ্তাহে খুনি শেখ হাসিনার বিচার হবে এবং একটা রায় হবে। এতে জুলাই শহীদদের পরিবারের কিছুটা হলেও ব্যাথা লাঘব হবে, তারা যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন।”
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন।
মাহফুজ রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের সন্তান। উপদেষ্টা হওয়ার পর তিনি এ নিয়ে দ্বিতীয়বারের মত রামগঞ্জ সফর করলেন।
অনেকেরই ট্রাইব্যুনালে বিচার চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, “ট্রাইব্যুনাল চলমান রয়েছে। যারা ছাত্র-জনতা হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবারই বিচার হবে। পরবর্তীতে সরকারে যারা আসবেন তারা এ বিচার কাজ এগিয়ে নেবেন।”
মাহফুজ বলেন, “সংস্কার কাজে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি। রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে জুলাই সনদে স্বাক্ষর করেছেন। এটা বাংলাদেশের জন্য বড় একটি প্রাপ্তি যে, রাজনৈতিক দলগুলো বসে সরকার গৃহীত একটা দলিলে আসতে পারা। সবাই মিলে সর্বসম্মতভাবে করেছেন। এর ভেতর দিয়ে বাংলাদেশ একটা নতুন পর্বে রওয়ানা দিল।”
তিনি বলেন, “৫ অগাস্ট শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকার নিয়ে আসা হয়েছে। জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা যদি এই কাজগুলো করতে পারে তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচারে আইনের শাসন থাকবে, সুবিচার থাকবে। গুম খুন আর ফেরত আসবে না।”
