১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মানিকগঞ্জে হাতকড়াসহ পালানো আসামিকে ৩ ঘণ্টা পর গ্রেপ্তার

বাবা-মা ও বন্ধুদের সহযোগিতায় তাকে আটক করে পুলিশে দেওয়া হয়।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 05:54 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

মানিকগঞ্জের হরিরামপুরে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আসামিকে তিন ঘণ্টা পর গ্রেপ্তার করা হয়েছে। তবে পালানোর সময় হাতকড়া পরা ছিল না বলে দাবি পুলিশের।

ফেইসবুক মেসেঞ্জারে ছবি দেওয়াকে কেন্দ্র করে সাবেক স্ত্রীর করা মামলায় তাকে শনিবার বেলা ১২টার দিকে আদালতে পাঠানো হয় বলে জানান হরিরামপুর থানা ওসি মুহাম্মদ আফজাল হোসেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আন্ধারমানিক বাজার ব্রিজ এলাকায় থেকে পালানোর ঘটনা ঘটে।

আসামি মাহিম উপজেলার দড়িকান্দি এলাকার এম এ রাজ্জাক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আলমাছ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, মাহিমের সঙ্গে বিচ্ছেদের পর তার সাবেক স্ত্রীর আবার বিয়ে করেন। ওই নারীর দ্বিতীয় স্বামীর পরিবারের একজনকে মেসেঞ্জারে ছবি পাঠানোকে কেন্দ্র করে মাহিমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়।

অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে থানার এসআই মো. ফারুক শেখকে দায়িত্ব দেন ওসি আফজাল হোসেন। শুক্রবার রাত ৯টার দিকে এসআই ফারুক শেখের নেতৃত্বে কনস্টেবল মো. নজরুল ইসলাম ও শফিকুল ইসলাম আন্ধারমানিক এলাকায় অভিযান চালান।

পরে মাহিমকে হাতকড়া পরিয়ে পুলিশ সদস্যরা থানার গাড়িতে করে রওয়ানা হন। পথে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান মাহিম।

আন্ধারমানিক বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, হাতকড়া করা অবস্থায় মাহিম গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যান। ঘটনার পর মাহিমকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। প্রায় তিন ঘণ্টা পর মাহিমের বাবা-মা ও বন্ধুদের সহযোগিতায় তাকে আটক করে থানায় দেওয়া হয়।

এসআই ফারুক শেখ বলেন, মাহিমকে আটক করতে গেলে পালিয়ে যান। তবে তখন তার হাতে হাতকড়া ছিল না। পরে তাকে আটক করে থানায় পাঠানো হয়।

দুপুরে মাহিমকে আদালতে পাঠানো হয় বলে জানান ওসি আফজাল হোসেন।