Published : 28 Mar 2026, 09:26 PM
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অর্ধশতাধিক দোকানের অবৈধ অংশ ভেঙে দিয়ে একটি বাজারের চারটি বড় গলি ও ড্রেন দখলমুক্ত করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ সময় বাজারের গলি ও ড্রেন দখলের অভিযোগে চার দোকানিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে আইন না মেনে চললে জেলে যেতে হবে বলে সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত উজ জামান।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে ওই বাজারের চরটি বড় গলি, প্রতিটি ড্রেন এবং দুটি পুকুর দখল করে রেখেছেন ব্যবসায়ীরা। এ কারণে বাজারে তীব্র যানজট লেগেই থাকে। বর্ষায় ময়লা পানিতে একাকার হয়ে যায় বাজার।

এর মধ্যে ২১ মার্চ রাতে বাজারের স্বর্ণকার গলিতে আগুনে সাতটি দোকান ছাই হয়। এতে ব্যবসায়ীদের প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনার পরপর স্থানীয়রা বাজারের অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার হয়।
ইউএনও রাহাত উজ জামান বলেন, বাজারের গলি ও ড্রেন থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের পাশাপাশি জরিমানা করা হয়। এরপরও আইন না মানলে জেল দেওয়া হবে। ব্যবসায়ীদের আইন মেনে চলতে হবে।
এ সময় তোরাবগঞ্জ-মতিরহাট সড়ক ফুটপাতমুক্ত ঘোষণা করেন ইউএনও। অভিযান শুরুর আগে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন করেন তিনি।
এ সময় কমলনগর থানার ওসি ফরিদুল আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বাজার ইজারাদার গোলাম কাদের এবং স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।