Published : 12 Feb 2026, 05:28 PM
শেরপুর-১ সদর আসনের কেন্দ্র থেকে ব্যালট পেপার বই ছিনতাইয়ের অভিযোগে একজনকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১০টায় দিকে চরমোচারিয়া ইউনিয়নের নলবাইদ দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার মো. শাহিদুল ইসলাম।
তিনি বলেন, সকালে কেন্দ্র থেকে তিনটি ব্যালট পেপার বই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এতে কেন্দ্রের ভোট গ্রহণ কিছুক্ষণ বন্ধ থাকে।
পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ভোটগ্রহণ পুনরায় চালু করা হয়।
শাহিদুল বলেন, ঘটনার ৪০ মিনিট পরই ছিনতাই হওয়া ওই তিনটি ব্যালট পেপারের বই উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর মধ্যে একটি বইয়ে ধানের শীষ প্রতীকে ৫৩টি সিল দেওয়া পাওয়া যায়। সিল দেওয়া ব্যালটগুলো বাতিল করা হয়েছে।
এদিকে ব্যালট পেপার বই ছিনতাই হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করা হয় সুমনকে।
পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে তিন বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়াও চলছে বলে জানান প্রিজাইডিং অফিসার।
শেরপুরে-১ আসনের হেরুয়া বালুঘাট এলাকার হেরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাহিরে জামায়াতের দাড়িপাল্লা প্রতীকের ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনায় দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান জাহিদ।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
কেন্দ্রের বাইরের ওই ঘটনা পর ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির হার কিছুটা কমে যায় বলেও জানিয়েছেন প্রিজাইডিং অফিসার।