০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া থেকে বন্ধুদের সঙ্গে সিলেটের এই পর্যটনকেন্দ্রে ঘুরতে এসেছিলেন তিনি।

সাদাপাথর পর্যটনকেন্দ্রে পানিতে ডুবে কলেজ ছাত্রের মৃত্যু
মাইনুল ইসলাম রিফাত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 07:12 PM

Updated : 19 Sep 2026, 02:31 PM

সিলেটের কোম্পানীগঞ্জে সাদাপাথর পর্যটনকেন্দ্রে বেড়াতে গিয়ে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের দিকে উপজেলার সাদাপাথর এলাকায় এ ঘটনা ঘটে বলে কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি জানিয়েছেন।

নিহত মাইনুল ইসলাম রিফাত (২১) ব্রাহ্মণবাড়িয়া জেলার হাতিম মিয়ার ছেলে। তিনি নবীনগর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

রিফাতের সঙ্গে থাকা বন্ধু সাব্বির রহমান সাংবাদিকদের বলেন, তারা চার বন্ধু মিলে ব্রাহ্মণবাড়িয়া থেকে সাদাপাথরে বেড়াতে এসেছিলেন। এদিন বেলা ১১টার দিকে পর্যটনকেন্দ্রে পৌঁছান তারা। সেখানে নদীতে গোসল করতে নামেন তারা।

পানিতে নামার কিছুক্ষণ পর রিফাতকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে নদীর পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি উছমান গণি বলেন, লাশ থানায় রয়েছে। নিহতের আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।