Published : 03 May 2026, 07:15 PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় পাসের হার ৮০.৩৬ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, রোববার বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ এ ফল প্রকাশ করেন। ভর্তি পরীক্ষায় অংশ নেন চার লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন তিন লাখ ৬৪ হাজার ১৩৫ জন।
প্রথম মেধা তালিকায় ২২৯,৭৬৫ জন
এবার ভর্তি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধা তালিকায় স্থান পেয়েছে দুই লাখ ২৯ হাজার ৭৬৫ জন। তাদের মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থী এক লাখ ১৩ হাজার ৩৯৪ জন, বিজ্ঞান বিভাগের ৬৫ হাজার ৩৩৭ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে ৫১ হাজার ৩৪ জন শিক্ষার্থী।
২৫ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের এক সপ্তাহের মধ্যে এই ফল প্রকাশ করা হল।
এসএমএসের মাধ্যমে ফল পেতে nu<space>athn<space>Aplication ID টাইপ করে 16222 নম্বরে send করতে হবে।
অথবা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষযক ওয়েবসাইটের Honour’s Tab এ গিয়ে Admission Test Result অপশনে যেতে হবে।
এ ছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে পাওয়া যাবে।
ফল প্রকাশের সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচর্য অধ্যাপক মো. লুৎফর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযম, ডিন, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।