১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় দিনব্যাপী কৃষি-প্রাণী ও হস্তশিল্পের উদ্যোক্তা মেলা

উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে ডিএসকের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 08:20 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় স্থানীয় কৃষিজ, প্রাণিসম্পদ ও হস্তশিল্পের উদ্যোগ বিকাশের লক্ষ্যে দিনব্যাপী মেলা হয়েছে।

সোমবার উপজেলা সদরের শহীদ মিনার প্রাঙ্গণে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র-ডিএসকের উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইজুল ইয়াসীমা নাহাত বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন।

পরে আয়োজক সংস্থার পরিচালক শামছুল আলমের সভাপতিত্বে সভা হয়।

ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. শরীয়ত উল্লাহ বলেন, মেলায় দেশীয় বিভিন্ন জাতের ধানের বীজ, জৈব সার, হাঁস, কবুতর, মুরগি, হস্তশিল্পের ২৫ জন উদ্যোক্তা আলাদা আলাদা স্টল নিয়ে অংশ নেন।

কলমাকান্দার বেলুয়াতলা গ্রামের উদ্যোক্তা ধানের বীজ সংরক্ষণকারী আবাদুর রহমান বলেন, “২০১০ সাল থেকে বাদশাভোগ, বদ্দিরাজ, কার্তিক বিন্নি, স্বর্ণলতা, কার্তিকশাইলসহ ৬০ জাতের দেশীয় ধানের বীজ সংরক্ষণ এবং কৃষকদের সরবরাহ করে আসছেন। এর মধ্যে বেশিরভাগ জাতের ধানই বর্তমানে বিলোপ হয়ে গেছে। কিছু টিকে থাকলেও হারানোর পথে রয়েছে।” 

তিনি বলেন, “এসব জাতের দেশীয় ধান কৃষকদের সঙ্গে বিনিময় করে টিকিয়ে রাখার লড়াই চালাচ্ছি। এর মধ্যে কৃষকদের জৈব সারে উদ্বুদ্ধ করছি। পাশাপাশি জৈব সার তৈরি করে বাজারজাত করছি।” 

আবাদুর রহমান বলেন, অনেক কৃষি উপকরণ যেমন- ঢেঁকি, উরি, খলুই, ঝোঁকরা, চোপড়াসহ বিভিন্ন সামগ্রী হারিয়ে যাচ্ছে। এসব সামগ্রীও মেলায় নিয়ে এসেছেন এবং ভালো সাড়া পাচ্ছেন। 

আরেক উদ্যোক্তা সামিয়া নৌরিন স্টল দিয়েছেন হাতে তৈরি চুরি, কানের দুলসহ নানা পণ্যের। তিনি বলেন, “আমি এতদিন অনলাইনে বিক্রি করে আসছিলাম। আজই প্রথম মেলায় বিক্রি করছি। ভালো বিক্রি হচ্ছে। এসব মেলা বেশি বেশি হলে আমাদের মত উদ্যোক্তাদের জন্য সুবিধা হয়।”