Published : 07 Aug 2026, 10:52 PM
নাটোরে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভা থেকে আটক যুবকের কাছে পাওয়া ‘অস্ত্রটি’ একটি খেলনা পিস্তলটি বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নাটোর সদর থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইফতে খায়ের আলম এ তথ্য জানান।
তিনি বলেন, আটক যুবক শামস আলীমিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া ‘অস্ত্রটি’ পরীক্ষা করে এটি খেলনা পিস্তল বলে নিশ্চিত হওয়া গেছে।
শামস আলীমিন (২৮) নাটোর শহরের কানাইখালী এলাকার প্রয়াত শামসুল আলমের ছেলে।
ইফতে খায়ের আলম বলেন, পথসভা শেষে মন্ত্রী ও হুইপ গাড়িতে ওঠার সময় ওই যুবক তাদের কাছে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এক পুলিশ সদস্যের সঙ্গে তার ধাক্কা লাগে। সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করা হয়। পরে তার কাছে ‘অস্ত্রটি’ পাওয়া যায়।
তিনি বলেন, পিস্তলটি খেলনা এবং এর সঙ্গে থাকা গুলিগুলো প্লাস্টিকের তৈরি। তবে ওই যুবক কেন এটি নিয়ে পথসভায় এসেছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আটক যুবককে মানসিক ভারসাম্যহীন মনে হয়নি। তিনি স্বাভাবিক আচরণ করছেন। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
আরও পড়ুন: