২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

অনিয়ম: মাদারীপুরে ১ ক্লিনিককে এক লাখ টাকা জরিমানা

কাগজপত্র ঠিক না হওয়া পর্যন্ত ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ থাকবে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2026, 12:06 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

মাদরীপুরের রাজৈর উপজেলার একটি প্রাইভেট ক্লিনিককে বিভিন্ন অনিয়মের অভিযোগে এক লাখ টাকা জরিমানা দিয়ে সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে টেকেরহাট বন্দরের ‘আরিয়ান হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ল্যাবে’ এ অভিযান চালায় চালানো হয়। 

নাহিদ বলেন, অভিযানের সময় দেখা গেছে-ক্লিনিকটি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পরিচালিত হচ্ছে। রোগীদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হচ্ছে এবং এক্সরে মেশিনসহ বিভিন্ন যন্ত্রপাতি অকেজো হয়ে পড়ে আছে।

এছাড়া যারা চেম্বারে রোগী দেখছেন, তাদের কাগজপত্রে মিথ্যা ডিগ্রি ও স্টাফদের বৈধ সনদপত্র না থাকাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এই কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

কাগজপত্র ঠিক না হওয়া পর্যন্ত ক্লিনিকটি সাময়িকভাবে বন্ধ থাকবে বলে জানান তিনি।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

আরো বেশ কিছু ক্লিনিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে জানিয়ে নাহিদ শিশির বলেন, “আমরা খুব দ্রুত সেগুলোতে অভিযান পরিচালনা করবো। কোনো ধরনের অনিয়ম পেলে তা বন্ধ করা হবে।”