১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিগত সরকারের আমলে প্রকল্প অনুমোদনে রাজনৈতিক প্রভাব ছিল’

সিলেটে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভবন উদ্বোধন করেন প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2024, 09:54 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

বিগত সরকারের আমলে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব থাকার কথা বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। 

তিনি বলেন, “বিগত সরকারের আমলে দুর্নীতি হয়েছে, এটি সত্য কথা। অনেক জায়গায় প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে। সেইসঙ্গে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল। এমনকি কাজ ফেলে রাখা হয়েছে।”

বুধবার দুপুরে সিলেট নগরের টিলাগড়ে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিগত সরকারের আমলে ঘটে যাওয়া দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে জানিয়ে ফরিদা আখতার বলেন, “মন্ত্রণালয়ের সংস্কার ও বিচার একসঙ্গে চলবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে কোনও দুর্নীতি বা অব্যবস্থাপনা করতে দেওয়া হবে না।”

সিলেটে প্রতিবছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশুপাখিরাও ব্যাপক ক্ষতির শিকার হয় উল্লেখ করে তিনি বলেন, এ পরিস্থিতি মোকাবিলায় বন্যা আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার। 

এ ছাড়া প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে; যা বন্যা মোকাবিলায় প্রাণিসম্পদ রক্ষা সহজ হবে বলে জানান তিনি।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।