গাজীপুরে গাড়ি চাপায় গর্ভবতী হরিণের মৃত্যু
এতে মা হরিণটির পেট ফেটে দুটি শাবকেরও মৃত হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সড়ক পার হওয়ার সময় গাড়ি চাপায় গর্ভবতী একটি হরিণের মৃত্যু হয়েছে। এতে মা হরিণটির পেট ফেটে দুটি শাবকেরও মৃত হয়।
রোববার রাতে মাওনা-কালিয়াকৈর সড়ক উপজেলার শালদহপাড়া এলাকার মালেকের দোকানের সামনে এ ঘটনা ঘটে বলে জানান ফুলবাড়ীয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুরুজ্জামান।
বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে মৃত হরিণসহ শাবক দুটি মাটিচাপা দেওয়া হবে। যেখানে হরিণটি মারা গেছে তার আশপাশে গভীর বনাঞ্চল। এ এলাকায় কীভাবে এবং কোথা থেকে হরিণটি এসেছে বলা যাচ্ছে না।
স্থানীয়রা দীর্ঘদিন ধরে ওই এলাকার গভীর বনাঞ্চলে কয়েকটি হরিণ বিচরণ করতে দেখেছেন বলে জানান তিনি।
এসআই সুরুজ্জামান বলেন, হরিণটি কোথা থেকে এসেছে তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ঘটনাস্থল থেকে মৃত শাবকসহ মা হরিণকে উদ্ধার করে কালিয়াকৈর রেঞ্জের কাচিঘাটা বিট কর্মকর্তার কাছে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, গাজীপুর সাফারি পার্ক থেকে হরিণটি বের হয়ে লোকালয়ে চলে আসতে পারে। বনাঞ্চল এলাকায় দৌড়াদৌড়ি করার সময় সড়ক পার হতে গিয়ে হরিণটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, পার্ক থেকে কোনো হরিণ লোকালয়ে যাওয়ার খবর সঠিক নয়। হরিণগুলো পার্কেই বিচরণ করছে।
